ঢাকা—ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংসদ ভবন এলাকাজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কাজে ৮৭০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আনসার সদস্যরা সংসদ ভবন এলাকায় জড়ো হন। জানাজাকে কেন্দ্র করে দায়িত্ব পালনের আগে তাদের নিরাপত্তা-সংক্রান্ত ব্রিফিং ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আনসার সূত্র অনুযায়ী, জানাজার নিরাপত্তায় তিন স্তরের বাহিনী মোতায়েন থাকবে—ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার ও টিডিপি স্বেচ্ছাসেবক। মাঠপর্যায়ে তদারকির জন্য থাকবেন ৪ জন পরিচালক, ৭ জন ডেপুটি পরিচালক এবং ১২ জন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।
প্রশিক্ষণ শেষে আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. আইয়ুব আলী বলেন, ব্যাটালিয়ন আনসারের ২৭০ জন, অঙ্গীভূত আনসারের ৪০০ জন এবং টিডিপি স্বেচ্ছাসেবকের ২০০ জন সদস্য মোতায়েন থাকবে। তিনি জানান, সংসদ ভবনের পূর্ব পাশের মাঠ পুরোপুরি সুরক্ষিত রাখা হবে, যাতে অননুমোদিত প্রবেশ বা দেয়াল টপকে ঢোকার কোনো সুযোগ না থাকে।
আপনার মতামত লিখুন :