ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সমন্বিত অভিযানে জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এ হামলার ঘটনায় অন্তত নয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যম ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল পর্যন্ত নয়জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত হয়েছে, বাকিদের পরিচয় যাচাই চলছে।
গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন সরাসরি হামলা ও লুটপাটে অংশ নেওয়ার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। একজনের কাছ থেকে লুটের অর্থ ও তা দিয়ে কেনা ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্যমতে, কয়েকজনের বিরুদ্ধে আগেও সহিংসতা ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভিডিও ফুটেজ ও ডিজিটাল আলামতের ভিত্তিতে এ পর্যন্ত অন্তত ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। হামলার পেছনের নেটওয়ার্ক ও উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :