নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। সোমবার (২২ ডিসেম্বর) হাইকমিশনের জারি করা এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, “অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির” কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেবাগ্রহীতাদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। কবে নাগাদ কার্যক্রম স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি জানানো হয়নি।
এই সিদ্ধান্ত আসে এমন এক সময়, যখন গত ২০ ডিসেম্বর রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে একটি বিক্ষোভের ঘটনা ঘটে। সে সময় একদল উগ্রবাদী বিক্ষোভকারী বাংলাদেশে এক হিন্দু যুবক হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেয় এবং কূটনৈতিক মিশন ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভে হাইকমিশনারকে লক্ষ্য করে হুমকির অভিযোগও ওঠে, যদিও এ বিষয়ে ভারতের ব্যাখ্যা বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করেছে।
কূটনৈতিক নিরাপত্তা ও সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :