ঢাকা—ন্যাশনাল ব্যাংকের দুই সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) মোট ৩১ জনের বিরুদ্ধে ৬৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জাল কাগজপত্রের মাধ্যমে ঋণ অনুমোদন ও বিতরণের অভিযোগে সোমবার মামলাটি করেন দুদকের উপপরিচালক আফরোজা হক খান।
দুদকের মানিলন্ডারিং অনুবিভাগের তথ্য অনুযায়ী, ব্যাংকের দিলকুশা শাখা থেকে মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেডকে ৪০৩ কোটি ১২ লাখ টাকা ঋণ দেওয়া হয়। তদন্তে উঠে এসেছে, প্রতিষ্ঠানটির নামে ভুয়া নথি তৈরি করে সেগুলো বৈধ হিসেবে দেখিয়ে ঋণ অনুমোদন করা হয়। সুদসহ এই ঋণের পরিমাণ বর্তমানে দাঁড়িয়েছে ৬৪৭ কোটি ৬৮ লাখ টাকা।
মামলায় ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি এম এ ওয়াদুদ ও চৌধুরী মোসতাক আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিচালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া মানহা প্রিকাস্টের পরিচালক মো. মনসুর আলী, সিইও ড. সৈয়দ মাহতাব উদ্দিন মাহমুদ এবং সাবেক সংসদ সদস্য আসলামুল হকের স্ত্রী মাকসুদা হকও মামলার আসামি।
দুদক বলছে, ঋণ জালিয়াতিতে ব্যাংকের একাধিক স্তরের কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতার প্রমাণ মিলেছে। তদন্তের পরবর্তী ধাপে অর্থ পাচার ও সম্পদ উদ্ধারের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আপনার মতামত লিখুন :