শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ করে দিলো হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর চালানোর পর সব ধরনের ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) এই ঘটনা ঘটে।

বিক্ষোভে অংশ নেয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের কয়েকশ সদস্য। তারা বাঘা যতীন পার্কে সমাবেশের পর মিছিল নিয়ে ভিসা কেন্দ্র ঘেরাও করেন। বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা, দীপু দাস হত্যার বিচার এবং দায়ীদের শাস্তির দাবি জানান।

কয়েক বছর ধরে ‘ডিইউডিজিটাল’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র পরিচালনা করে আসছিল। কূটনৈতিক সূত্র জানায়, বিক্ষোভকারীদের চাপের মুখে প্রতিষ্ঠানটি নিরাপত্তাজনিত কারণে সোমবার দুপুরের আগেই কেন্দ্রটি বন্ধ করে দেয়। পরিস্থিতি পর্যালোচনার পর পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনার পর ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা দপ্তরে কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশের উপহাইকমিশন।

উল্লেখ্য, একই প্রেক্ষাপটে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত রেখেছে।