ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

নয়াদিল্লি ও ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা ঘিরে উদ্বেগের প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে পাঠান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। কূটনৈতিক সূত্র জানায়, সাম্প্রতিক বিক্ষোভ ও হুমকির ঘটনার পর ভারতের ভূখণ্ডে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদারের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়।

গত ১০ দিনের মধ্যে এটি দ্বিতীয়বার প্রণয় ভার্মার তলব। অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন ইস্যুতে এ পর্যন্ত অন্তত ছয়বার ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছে।

এর আগে ১৪ ডিসেম্বরের তলবে ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে সহযোগিতা, প্রয়োজনে গ্রেপ্তার ও প্রত্যর্পণের আহ্বান জানায় ঢাকা। পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

এর পাল্টা হিসেবে ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারত। সর্বশেষ শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, দিল্লি ও মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভের ঘোষণার প্রেক্ষাপটে ঢাকা–দিল্লি সম্পর্ক এখন এক সংবেদনশীল পর্যায়ে দাঁড়িয়ে।