আপনারা সাহস দিলে আমিও সাহসী হবো: ডিসি–এসপিদের সিইসি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

ঢাকা — আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের আইনের কঠোর প্রয়োগ ও সাহসী ভূমিকার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা যদি বুক ফুলিয়ে দায়িত্ব পালন করেন, নির্বাচন কমিশনও নির্ভীকভাবে পাশে থাকবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ে সিইসি বলেন, “আপনারা যখন আমাকে সাহস দেবেন, তখন আমিও সাহসী হবো। আইনের শাসন প্রতিষ্ঠায় আপনারা যে অঙ্গীকার করবেন, সেটিই কমিশনের শক্তি।”

ব্রিফিংয়ের শুরুতে তিনি শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। সভায় অন্যান্য নির্বাচন কমিশনার ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাসির উদ্দিন বলেন, নির্বাচন ব্যবস্থাকে ঘিরে যে ‘ম্যানেজড ইলেকশন’-এর অভিযোগ রয়েছে, তা থেকে বেরিয়ে আসাই কমিশনের লক্ষ্য। “আইন হবে অন্ধ—সবাইয়ের জন্য সমান। কোনো বিচ্যুতি হলে কঠোর নজরদারি থাকবে,” বলেন তিনি।

সিইসি আরও বলেন, মাঠ প্রশাসনই রাষ্ট্রযন্ত্র সচল রাখে। এই ক্রান্তিকালে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায় থেকে যাবে। “আমরা প্রমাণ করতে চাই—স্বচ্ছ, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন সম্ভব,” বলেন তিনি।