উপদেষ্টা পরিষদে পরিবর্তনের আভাস

উপদেষ্টা পরিষদে রদবদলের ইঙ্গিত: স্বরাষ্ট্রে আসছেন খলিলুর রহমান?


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৫, ৩:০১ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরের যাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বরাবরই আলোচনার কেন্দ্রে। সামনে জাতীয় নির্বাচন থাকায় সাম্প্রতিক সময়ে এই পরিস্থিতি নিয়ে সরকারের ওপর চাপ আরও বেড়েছে। এমন প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে পরিবর্তনের আভাস মিলেছে।

সরকারের নির্ভরযোগ্য উচ্চপর্যায়ের সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রদবদল আনতে যাচ্ছে সরকার। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে জানা গেছে।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এসব পরিবর্তনের ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। একই সঙ্গে পুলিশের উচ্চপর্যায়েও উল্লেখযোগ্য রদবদলের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা যায়।

সূত্রের দাবি, জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মূল অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে দায়িত্বে পরিবর্তনের দাবি জোরালো হয়েছে।

এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকেও তার বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে পর্যালোচনা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। পরবর্তী সময়ে দায়িত্ব পান জাহাঙ্গীর আলম চৌধুরী। এবার সেই পদে নতুন মুখ আসার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।