রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি বোমা নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে সিয়াম ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহতের স্বজনরা জানান, সিয়াম একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। পরে স্বজনরা এসে তার পরিচয় নিশ্চিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকেই বোমাটি ছোড়া হয়েছে। বোমা নিক্ষেপের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।
তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
আপনার মতামত লিখুন :