বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানীতে যানজটের আশঙ্কায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি নগরবাসীকে নির্দিষ্ট সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বুধবার এক গণবিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে তারেক রহমান ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট), এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবনে যাবেন। এ সময় সংশ্লিষ্ট সড়কগুলোতে অতিরিক্ত জনসমাগম হবে।
সুষ্ঠু যান চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী–আব্দুল্লাহপুর এবং কুড়িল–মস্তুল অংশের পূর্বাচল এক্সপ্রেসওয়ে পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরা, মিরপুর, গুলশান, বাড্ডা ও প্রগতি সরণি এলাকার যাত্রীদের জন্য পৃথক বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে মেট্রোরেল ও ঢাকা–জয়দেবপুর রেলপথ ব্যবহারের কথাও বলা হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, অভ্যর্থনাকারীরা কোনো যানবাহন নিয়ে বহরে যুক্ত হতে পারবেন না এবং ব্যাগ, লাঠি বা মোটরসাইকেল বহন নিষিদ্ধ থাকবে। জরুরি সেবার যানবাহন এ নির্দেশনার বাইরে থাকবে। বিদেশগামী যাত্রীদের যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
নেতাকর্মীদের গাড়ি পার্কিংয়ের জন্য টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ, পূর্বাচলের বাণিজ্য মেলা এলাকা, দিয়াবাড়ি পশুর হাট মাঠ, আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠ এবং মতিঝিল বাণিজ্যিক এলাকাসহ কয়েকটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর সহযোগিতাই এদিন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার প্রধান শর্ত।
আপনার মতামত লিখুন :