স্লোগানে মুখর পূর্বাচলের ৩০০ ফিট

সিলেট থেকে ঢাকার উদ্দেশে তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বুধবার রাত থেকেই রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকা পরিণত হয়েছে এক ব্যতিক্রমী রাজনৈতিক উৎসবস্থলে।

কুড়িল থেকে শুরু করে সংবর্ধনা মঞ্চ এলাকা পর্যন্ত দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে। দলবদ্ধ স্লোগান, মিছিল, প্ল্যাকার্ড আর স্পিকারবাহী ট্রাকে বাজতে থাকা দলীয় ও দেশাত্মবোধক গানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। বারবার উচ্চারিত হচ্ছে একটিই স্লোগান— “লিডার আসছে।”

নেতাকর্মীদের ভিড় সামলাতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। রাতে মঞ্চ এলাকা পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক। মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি, চলছে সমন্বিত নজরদারি।

রংপুর থেকে আসা এক কর্মী বলেন, “বহু বছর পর নেতার দেশে ফেরা আমাদের কাছে ঈদের আনন্দের মতো।” একই অনুভূতি প্রকাশ করেন জামালপুর ও উত্তরাঞ্চল থেকে আসা আরও অনেকে—তাদের কাছে এই রাত যেন ‘চাঁদ রাত’।

জানা গেছে, বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা মঞ্চে পৌঁছাবেন তারেক রহমান। ৪৮ বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চটি প্রস্তুত করা হয়েছে দিন-রাত পরিশ্রমে। বিএনপি নেতৃত্ব আশা করছে, এই সংবর্ধনায় মানুষের উপস্থিতি এক ঐতিহাসিক রাজনৈতিক সমাবেশে রূপ নেবে।