দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশে

অপেক্ষার প্রহর শেষ, ঢাকায় তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে এবং প্রায় এক ঘণ্টা পর ঢাকার উদ্দেশে যাত্রা করে।

বুধবার রাত সোয়া ১২টার দিকে লন্ডন থেকে ঢাকার পথে রওনা হয় ফ্লাইটটি। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। একই ফ্লাইটে বিএনপির প্রায় ৫০ জন নেতাকর্মী বাংলাদেশে ফিরেছেন।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে ঘিরে বিমানবন্দরে নেওয়া হয়েছে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা। সকাল সাতটার আগেই সেখানে পৌঁছায় তার জন্য নির্ধারিত বুলেটপ্রুফ গাড়ি।

বিএনপি সূত্র জানায়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় সংক্ষিপ্ত অবস্থানের পর তিনি সড়কপথে কুড়িল হয়ে ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন, যেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও তার মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখান থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় যাওয়ার কথা রয়েছে।

তারেক রহমান বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সে সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।