৩০০ ফিট সড়ক যেন জনসমুদ্র

বাসে করে ৩০০ ফিটের পথে তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে সেই মুহূর্তটি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত বার্তায় তুলে ধরেন— “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”

এর আগে বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট বিজি-২০২ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ফ্লাইটটিতে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

প্রায় ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সকাল থেকেই জনসমাগম বাড়তে থাকে। সড়কের দুই পাশে ও মাঝখানে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এলাকাটি উৎসবমুখর হয়ে ওঠে।

বিএনপি সূত্র জানায়, ঢাকায় পৌঁছানোর পর ৩০০ ফিট এলাকায় নির্মিত মঞ্চে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বিশেষ তাৎপর্য।