যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক উক্তি “আই হ্যাভ এ ড্রিম” স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “আজ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই— আই হ্যাভ এ প্ল্যান—এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য।”
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি বলেন, তার এই পরিকল্পনার লক্ষ্য দেশের মানুষের স্বার্থ, উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিবর্তন।
তারেক রহমান বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে গণতন্ত্রকামী সকল মানুষের সহযোগিতা প্রয়োজন। “এই জনসমুদ্রে যারা আছেন এবং সারা দেশে যারা গণতন্ত্রের পক্ষে রয়েছেন—প্রত্যেকের সহযোগিতাই আমাদের দরকার,” বলেন তিনি। জনগণের সমর্থন পেলে এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
বক্তব্যের একপর্যায়ে তিনি দেশ ও জাতির জন্য প্রার্থনার আহ্বান জানান। আল্লাহর রহমত ও সহায়তা পেলে জনগণের কঠোর পরিশ্রমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
শেষে তারেক রহমান বলেন, ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্ব নেবেন, তারা যেন ন্যায়পরায়ণতা ও নৈতিকতার আলোকে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেন। উপস্থিত জনতাকে সঙ্গে নিয়ে তিনি সেই প্রতিজ্ঞা করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :