উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ ছাড়ব না: ইনকিলাব মঞ্চ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন

ঢাকা — শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতারা বলছেন, সরকারের উপদেষ্টারা ঘটনাস্থলে এসে জনগণের সামনে জবাব না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন প্রত্যাহার করবেন না।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ শাহবাগে জড়ো হন। পরে চারদিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধস্থলে বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “এই সরকারের উপদেষ্টারা শাহবাগে এসে জনগণের সামনে দাঁড়ানো পর্যন্ত আমরা এখান থেকে সরব না।” প্রয়োজনে জীবন উৎসর্গের কথাও বলেন তিনি।

জাবের দাবি করেন, শহীদ হাদির হত্যার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং আন্দোলনকারীদের উপেক্ষা করা হচ্ছে। তাঁর ভাষায়, “এই মাটি হাদির রক্তে ভেজা। ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

তিনি আরও বলেন, মর্যাদা নিয়ে বাঁচার অধিকার এবং নারীদের স্বাধীন চলাচল নিশ্চিত না হলে প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে না।

প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগে অবরোধ ও অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল।