তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন দলের নেতারা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা হন। শুক্রবার বিকেলে তাকে বহনকারী গাড়ি গাবতলী সড়ক ধরে স্মৃতিসৌধের অভিমুখে অগ্রসর হচ্ছিল।

তবে সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব না হওয়ায় তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেল ৫টা ৬ মিনিটে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনকারী দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর। এ সময় দলের কেন্দ্রীয় ও ঢাকা জেলা পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেল জানায়, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে উপস্থিত হওয়া আবশ্যক হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।