কক্সবাজার — সেন্টমার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে আগুনের ঘটনায় একজন কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করা জাহাজটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত জাহাজটি থেকে ধোঁয়া বের হচ্ছিল এবং আগুন নিয়ন্ত্রণে কাজ চলছিল। এ সময় ক্রুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে একজন জাহাজকর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে; তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, প্রতিদিনের মতো সকাল ৭টার দিকে পর্যটক তুলতে ঘাটে আসছিল ‘দ্য আটলান্টিক ক্রুজ’। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান ঘটনাস্থলে যান। তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটক ওঠা–নামা তদারকির সময় এ ঘটনা ঘটে। আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেননি। তিনি জানান, জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেসব পর্যটকের সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল, তাদের অন্য জাহাজে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :