ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করলেন তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের মাধ্যমে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সেখানে তারেক রহমানের ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিসসহ প্রয়োজনীয় সব বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, তার জাতীয় পরিচয়পত্র পেতে সর্বোচ্চ এক দিন সময় লাগতে পারে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে দেশের যেকোনো একটি নির্বাচনী এলাকার ভোটার হতে হয়। সে অনুযায়ী তারেক রহমান রাজধানীর ঢাকা–১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে অনলাইনে আবেদন করেছেন।

এদিকে বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের পক্ষে ইতিমধ্যে বগুড়া–৬ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার শেষ সময় ২৯ ডিসেম্বর।