মধ্যরাতে ব্রিফিং

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল: ডা. জাহিদ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন এবং বর্তমানে একটি সংকটময় সময় পার করছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে হঠাৎ এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ তথ্য জানান তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে—এমনটি বলার সুযোগ নেই। “ওনার অবস্থা অত্যন্ত জটিল। তিনি এখনো ঝুঁকির মধ্যেই আছেন,” বলেন তিনি।

২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে জানান এই চিকিৎসক। পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে কেবিন থেকে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছে, যেখানে তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন।

শনিবার রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তাঁর ছেলে তারেক রহমান। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর রাত ১১টা ৫৮ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

ডায়াবেটিসসহ কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার কথা আলোচনায় থাকলেও শারীরিক অবস্থা আকাশযাত্রার অনুপযোগী হওয়ায় বর্তমানে দেশেই তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।