হাদি হত্যায় জড়িতদের নাম প্রকাশ করা হবে: ডিএমপি কমিশনার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তির পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, এটি একটি জটিল ও পরিকল্পিত হত্যাকাণ্ড, যার নেপথ্যে একাধিক ব্যক্তি ও স্বার্থ জড়িত।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে আন্দোলনকারীদের সামনে এ বক্তব্য দেন তিনি। কমিশনার জানান, এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যার পেছনের মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করেছে ডিবি পুলিশ। তিনি জানান, তদন্তে বিপুল অর্থ লেনদেনের প্রমাণ মিলেছে এবং এ সংক্রান্ত ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক জব্দ করা হয়েছে।

আগামী ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দাখিল করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার, ন্যায়বিচার নিশ্চিত করতে তদন্তের অগ্রগতি দ্রুত প্রকাশের আশ্বাস দিয়ে।