ঢাকা — দেশে ফেরার দুদিনের মাথায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। দুপুর ১টা ৪০ মিনিটে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে কার্যালয়ে পৌঁছান তিনি। এক–এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর এই কার্যালয়ে এটিই তাঁর প্রথম উপস্থিতি।
কার্যালয়ে পৌঁছালে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমানসহ জ্যেষ্ঠ নেতারা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। শুভেচ্ছা বিনিময়ের পর দোতলায় নিজের চেম্বারে বসেন তারেক রহমান।
পরে সাংবাদিকদের খন্দকার মোশাররফ হোসেন বলেন, এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। তবে সাংগঠনিক বিষয়, দেশের ভবিষ্যৎ গণতন্ত্র ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
দলীয় সূত্র জানায়, নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি গুলশানে একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।
দীর্ঘ প্রায় দেড় দশক পর দেশে ফিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারেক রহমান। আগমনের দিন সংবর্ধনায় অংশ নেওয়ার পর তিনি মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। পরবর্তী দিনগুলোতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও শহীদদের কবর জিয়ারত, ভোটার নিবন্ধন সম্পন্ন এবং পারিবারিক কবরস্থানে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজনৈতিক ও ব্যক্তিগত কর্মসূচিতে সক্রিয় থাকেন তিনি।
আপনার মতামত লিখুন :