আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার। এ নির্বাচনে প্রথমবারের মতো স্বাক্ষরের পরিবর্তে টিপসই দিয়ে মনোনয়নপত্রে সম্মতি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রোববার রাতে দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে, খালেদা জিয়া তিনটি আসন—বগুড়া–৭, দিনাজপুর–৩ ও ফেনী–১—থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দিনাজপুর–৩ আসনে রোববারই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। বগুড়া–৭ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম এবং ফেনী আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু সোমবার মনোনয়নপত্র জমা দেবেন।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া–৬ আসনে জেলা বিএনপির সভাপতি এবং ঢাকা–১৭ আসনে তার প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম মনোনয়নপত্র জমা দেবেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
আপনার মতামত লিখুন :