দেড়যুগ পর নয়াপল্টনে তারেক রহমান, শৃঙ্খলার আহ্বান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ৬:৪২ অপরাহ্ন

ঢাকা—দীর্ঘ দেড়যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটে তিনি রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে পৌঁছান।

তার আগমন উপলক্ষে কার্যালয় সাজানো হয় বর্ণিল আয়োজনে। কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। সকাল থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হন হাজারো নেতাকর্মী; এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ ও যানজট।

কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান। এ সময় সড়কে ভিড়ের কারণে জনদুর্ভোগের বিষয়টি নজরে এনে তিনি মাইকে সবাইকে রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এদিন কোনো কর্মসূচি নেই; মানুষের চলাচলে যেন বাধা না সৃষ্টি হয়, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

রোববার দেশে ফেরার পর প্রথমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দাপ্তরিক কাজ করেন তারেক রহমান। নয়াপল্টনে তাঁর এই উপস্থিতি বিএনপির রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।