হাদি হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনেও শাহবাগ অবরোধ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ন

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ। বিচার না হওয়া পর্যন্ত ঢাকা-৮ আসনসহ কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

সোমবার সন্ধ্যায় তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে শাহবাগে বিক্ষোভ অব্যাহত থাকে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ২টায় অবরোধ শুরুর কথা থাকলেও দুপুরের পর থেকেই বিক্ষোভকারীরা শাহবাগে জড়ো হন। এতে মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে ‘বিচার চাই’, ‘ইনসাফ চাই’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। রোববার রাতে আন্দোলনকারীরা চার দফা দাবি তুলে ধরে অবরোধ কর্মসূচি সাময়িকভাবে শেষ করলেও বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তাদের দাবির মধ্যে রয়েছে—২৪ দিনের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার সম্পন্ন, বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল, ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা, এবং রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিবাদের সহযোগীদের শনাক্ত করে বিচার নিশ্চিত করা।