বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। বিএনপির মিডিয়া সেল ও দলটির ভেরিফায়েড ফেসবুক পেজেও এ তথ্য জানানো হয়।
দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার সিরোসিসসহ নানা অসুস্থতায় ভুগছিলেন খালেদা জিয়া। শ্বাসকষ্টের কারণে গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা চললেও শারীরিক অবস্থার অবনতি ঘটে।
খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নেন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়া ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো নির্বাচনে পরাজিত হননি—যা বাংলাদেশের রাজনীতিতে বিরল দৃষ্টান্ত।
তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :