খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাষ্ট্রনায়ককে হারাল।

প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। রাজনৈতিক মতভেদ সত্ত্বেও তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা ও দৃঢ় নেতৃত্ব দেশকে পথ দেখিয়েছে।

তিনি আরও বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্ব, নারী শিক্ষায় অবদান—বিশেষত অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি কর্মসূচি—দেশের অগ্রগতিতে মাইলফলক। রাজনৈতিক সাফল্যের কারণে তাঁকে চরম প্রতিহিংসার শিকার হতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানান এবং দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধারণের আহ্বান জানান।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।