মায়ের মৃত্যুতে তারেক রহমানের আবেগঘন বার্তা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ৫:২২ অপরাহ্ন

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক আবেগঘন বার্তায় তিনি বলেছেন, তার মা নিজের সমগ্র জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে উৎসর্গ করে গেছেন।

মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তারেক রহমান বেগম খালেদা জিয়াকে কেবল একজন রাজনৈতিক নেত্রী নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক পথচলার এক অনিঃশেষ পথপ্রদর্শক হিসেবে অভিহিত করেন। আজ ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যুকে তিনি দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা বলে উল্লেখ করেন।

বার্তায় খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ ও ‘বাংলাদেশের মা’ আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, আজ দেশ এমন এক অভিভাবককে হারাল, যিনি আজীবন স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করেছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে তিনি ছিলেন পরিবারের এক মমতাময়ী আশ্রয় ও শক্তির উৎস।

দীর্ঘ কারাবাস, চিকিৎসাবঞ্চনা ও নানা নিপীড়নের মধ্যেও তার অদম্য সাহস ও দেশপ্রেম অটুট ছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের স্বার্থ রক্ষায় তিনি ব্যক্তিগত জীবনে চরম ত্যাগ স্বীকার করেছেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সংগ্রামে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বার্তার শেষে তারেক রহমান মায়ের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা করেন এবং শোকের এই সময়ে পরিবারকে ঘিরে ধরা ভালোবাসা ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা জানান।