বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য গুলশানের ফিরোজা ভবন থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ বহনকারী গাড়িবহরটি বুধবার বেলা ১১টা ৪ মিনিটে ফিরোজা ভবন ত্যাগ করে।
গাড়িবহরে পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ স্বজনরা। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ ফিরোজা ভবনে আনা হয়, যেখানে স্বজন ও দলীয় নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানান।
মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে। জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নেমেছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :