তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।

জানাজার ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপসহীন এই নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকার্ত মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন। প্রিয় নেত্রীকে হারানোর গভীর শোক ও বেদনা উপস্থিত জনতার চোখে-মুখে ফুটে ওঠে।

জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালন করা হয়। একই সঙ্গে বিএনপি সাত দিনের শোক কর্মসূচি পালন করছে।
আপনার মতামত লিখুন :