বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শুরুর আগে পরিবারের পক্ষ থেকে মায়ের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেছেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার আগমুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, জীবিত থাকাকালে বেগম খালেদা জিয়ার কোনো কথা বা ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি তার জন্য ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে তিনি মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। তিনি আরও বলেন, খালেদা জিয়া কারও কাছে কোনো ঋণ নিয়ে থাকলে তা পরিশোধের দায়িত্ব তিনি নিজে নেবেন।
এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধান, সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষ অংশ নেন।
এর আগে সকাল ৮টা ৫৪ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানের বাসভবনে নেওয়া হয় এবং বেলা ১১টা ৪৮ মিনিটে তা জানাজাস্থলে পৌঁছায়। মঙ্গলবার ভোর ৬টায় তার ইন্তেকালের পর সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিএনপি পালন করছে সাত দিনের শোক কর্মসূচি।
আপনার মতামত লিখুন :