বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের উপস্থিতির খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। মুসলিম বিশ্বের স্মরণকালের অন্যতম বৃহৎ এই জানাজা ঘিরে বৈশ্বিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শিরোনাম করে জানায়, রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি বিপুল জনতার শোক প্রকাশ। কাতারভিত্তিক আল জাজিরা প্রতিবেদনে উল্লেখ করে, জনসমাগমের মধ্য দিয়ে সাবেক নেত্রীকে শেষ বিদায় জানানো হয়েছে।
পাকিস্তানের দ্য ডন জানায়, খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণে বাংলাদেশ শোকে স্তব্ধ। জিও নিউজও জানায়, শেষ বিদায়ে শোকাহত মানুষের ঢল নেমেছিল। ভারতের টাইমস অব ইন্ডিয়া জানাজায় বিশাল জনসমাগমের কথা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে। আনন্দবাজার পত্রিকা লিখেছে, জনারণ্যের মাঝেই খালেদা জিয়ার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে ইন্তেকাল করা খালেদা জিয়াকে বুধবার বিকেলে দাফন করা হয়। এর আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিকেল ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়ে দুই মিনিটের মধ্যেই সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :