বেগম খালেদা জিয়াকে স্মরণ করে ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, গভীর শোক ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে তিনি তার মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের শূন্যতা ভাষায় প্রকাশযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, এই কঠিন সময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি।
তিনি আরও বলেন, লাখো মানুষের সম্মান, ভালোবাসা ও সহমর্মিতা তাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। এ সময় তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া শুধু তার মা ছিলেন না, অনেক দিক থেকেই তিনি ছিলেন সমগ্র জাতির মা।

তারেক রহমান দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সরাসরি উপস্থিত হয়ে শ্রদ্ধা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি যেসব দেশ শোকবার্তা পাঠিয়েছে, তাদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।
পোস্টে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করে বলেন, দেশের মানুষের ভালোবাসায় আজ মনে হচ্ছে—পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে।
তারেক রহমান বলেন, সারাজীবন মানুষের সেবায় নিয়োজিত ছিলেন তার মা। সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি বহন করবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, যেখানে তার মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি সেই পথ এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
শেষে তিনি বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বলেন, তার রেখে যাওয়া ত্যাগ, ভালোবাসা ও উদারতা থেকেই জাতি শক্তি, ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা পাবে।
আপনার মতামত লিখুন :