খালেদা জিয়ার মৃত্যুতে সার্কের শোকপ্রকাশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)। সংস্থাটির মহাসচিব মো. গোলাম সারওয়ার এক শোকবার্তায় বলেন, তার ইন্তেকালে বাংলাদেশ একজন আপসহীন ও গণতন্ত্রকামী নেত্রীকে হারালো, যিনি দেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছেন।

শোকবার্তায় খালেদা জিয়ার তিনবারের প্রধানমন্ত্রিত্বকালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উদারীকরণ, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিকাশ, নারী ক্ষমতায়ন ও শিক্ষাখাতে, বিশেষ করে কন্যাশিশু শিক্ষায় তার অবদানের কথা তুলে ধরা হয়। তার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে বিশ্বব্যাংক ‘এশিয়ার পরবর্তী টাইগার অর্থনীতি’ হিসেবে আখ্যায়িত করেছিল বলেও উল্লেখ করা হয়।

এ ছাড়া ১৯৯৩-৯৫ ও ২০০৫-০৭ মেয়াদে সার্কের চেয়ারপারসন হিসেবে আঞ্চলিক সহযোগিতা জোরদারে তার প্রজ্ঞা ও দূরদর্শিতার প্রশংসা করা হয়। একই সঙ্গে সার্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

শোকবার্তায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার পরিবার, বিএনপি ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।