বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তার স্ত্রী আফরোজা বেগমের নামে থাকা গুলশানের একটি বহুতল ভবনসহ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ঢাকার ভাটারা এলাকায় তার মালিকানাধীন আরও একটি বড় পরিমাণ জমিও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, গুলশানে দশমিক ৪৯৫০ একর জমির ওপর নির্মিত বহুতল ভবন এবং ভাটারা এলাকার তিন দশমিক ৩৭৭ একর জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, আহমেদ আকবর সোবহান ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে ১০ সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে দেশ-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে এবং অভিযুক্তদের স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা চলছে—এমন আশঙ্কা থেকে সম্পত্তি জব্দ জরুরি বলে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক সরকারের সুবিধাভোগী বড় ব্যবসায়ীদের দুর্নীতি ও অনিয়ম নিয়ে বিভিন্ন সংস্থা অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় বসুন্ধরা গ্রুপ ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব অবরুদ্ধ, দেশত্যাগে নিষেধাজ্ঞা, অর্থ পাচার ও জমি দখলের অভিযোগে একাধিক সংস্থার অনুসন্ধান চলছে। সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগেও আহমেদ আকবর সোবহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
আপনার মতামত লিখুন :