ঢাকা-করাচি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশকে অনুমতি দিল পাকিস্তান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (২ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজ এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমটি এ সিদ্ধান্তকে আঞ্চলিক বিমান চলাচলে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে উল্লেখ করে জানায়, নতুন বছরে পাকিস্তান ও বাংলাদেশের আকাশ যোগাযোগে এটি নতুন অধ্যায়ের সূচনা। সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) এ অনুমতি প্রদান করে।

প্রাথমিকভাবে ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত এ অনুমোদন কার্যকর থাকবে। পরবর্তীতে তা পুনর্বিবেচনা করা হতে পারে। অনুমোদন অনুযায়ী নির্ধারিত রুট মেনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে হবে বিমান বাংলাদেশকে।

এ ছাড়া করাচি বিমানবন্দরে বিমান বাংলাদেশকে একটি আলাদা স্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ফ্লাইট পরিচালনার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় অপারেশনাল ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য সরবরাহ করতে হবে।

পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াবে, ভ্রমণ সহজ করবে এবং ব্যবসা-বাণিজ্য ও জনগণ-টু-জনগণ সম্পর্ক জোরদারে সহায়ক হবে।