বগুড়া-২ আসনে মান্নাসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহসহ চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচনী হলফনামায় অসঙ্গতি ও তথ্য গড়মিলের কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-২ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম ও জামায়াতের প্রার্থী শাহাদাতুজ্জামানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু ও গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকারের মনোনয়ন বাতিল হয়। একজন প্রার্থীর মনোনয়ন প্রস্তাবকারী ও সমর্থনকারী উপস্থিত না থাকায় তা স্থগিত রাখা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, শরিফুল ইসলাম জিন্নাহ সম্পদের বিবরণী সংক্রান্ত হলফনামার ফরম দাখিল না করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন বলেও জানান তিনি।