খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা সৌদি বাদশা, যুবরাজ ও কাতারের আমিরের


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোকবার্তায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পৃথক শোকবার্তায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও প্রয়াত নেত্রীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাষ্ট্রপতির কাছে পাঠানো শোকবার্তায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন। পরদিন ৩১ ডিসেম্বর রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।