ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের হামলা শুরু হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার গভীর রাত থেকে বোমারু বিমানের উড্ডয়ন ও একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে রাজধানী। এ পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কারাকাসের দক্ষিণে অবস্থিত ভেনেজুয়েলার সেনাবাহিনীর প্রধান ঘাঁটি ‘ফরচুনা’ এলাকায় একাধিক বিস্ফোরণ ঘটে। সামরিক ঘাঁটির কয়েকটি স্থাপনায় আগুন ধরে যায় এবং সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। বিস্ফোরণের পর থেকে ফরচুনা ও আশপাশের এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেই ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগের আহ্বান জানিয়েছিলেন।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা উত্তেজনার প্রেক্ষাপটেই এ হামলা হয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ওপর অর্থনৈতিক ও জ্বালানি খাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর অংশ হিসেবে গত ডিসেম্বরেই ভেনেজুয়েলার একাধিক তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র।
এদিকে বিস্ফোরণের প্রকৃত কারণ নিয়ে ভেনেজুয়েলায় নানা জল্পনা চলছে। কেউ এটিকে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হামলা বলে মনে করছেন, আবার কেউ অভ্যন্তরীণ সামরিক বিদ্রোহের সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছেন না। তবে পরিস্থিতি এখনো অনিশ্চিত ও অত্যন্ত উত্তেজনাপূর্ণ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
আপনার মতামত লিখুন :