ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। মার্কিন হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সবচেয়ে বাজে সামরিক আগ্রাসন’ আখ্যা দিয়ে তিনি জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান।
শনিবার (৩ জানুয়ারি) স্প্যানিশ ভাষায় দেওয়া এক ভিডিও ভাষণে প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশ অনুযায়ী সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “তারা আমাদের ওপর আক্রমণ করেছে, কিন্তু আমাদের দমন করতে পারবে না।”
এর আগে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। স্থানীয় সময় রাত ২টার দিকে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। ভেনেজুয়েলা সরকার দাবি করেছে, যুক্তরাষ্ট্র সামরিক অবকাঠামোর পাশাপাশি বেসামরিক স্থাপনাতেও হামলা চালিয়েছে।
সরকারি বিবৃতিতে জানানো হয়, কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যে হামলা হয়েছে। প্রেসিডেন্ট মাদুরো এই হামলাকে ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের আগ্রাসী প্রচেষ্টা হিসেবে নিন্দা জানান।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘বড় পরিসরের’ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তবে মাদুরোর আটক বা অবস্থান সম্পর্কে ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।
ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :