ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে এবং তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে বিচার করা হবে বলে জানিয়েছেন মার্কিন সিনেটর মাইক লি। তিনি জানান, মাদুরো আটক হওয়ায় ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে আর হামলা চালানোর সম্ভাবনা নেই।
মাইক লি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে জানিয়েছেন—মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকায় সামরিক অভিযান অব্যাহত রাখার প্রয়োজন নেই। রুবিওর বরাতে তিনি আরও জানান, মাদুরোকে গ্রেপ্তারের ওয়ারেন্ট বাস্তবায়নে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতেই মধ্যরাতে ভেনেজুয়েলায় হামলা চালানো হয়েছিল।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো ভেনেজুয়েলায় একটি ‘মাদক সাম্রাজ্য’ পরিচালনা করতেন এবং সেখান থেকে মাদক যুক্তরাষ্ট্রে পাচার হতো। এ অভিযোগে ২০২০ সালেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তাকে গ্রেপ্তার বা আটক করতে সহায়তা করলে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণাও করা হয়েছিল।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত সন্ত্রাসবিরোধী ইউনিট ডেল্টা ফোর্স মাদুরোকে আটক করেছে। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া ও উদ্বেগ দেখা দিয়েছে।
আপনার মতামত লিখুন :