আটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি প্রকাশ করেন তিনি। ছবিতে মাদুরোকে মার্কিন জাহাজ ইউএসএস আইয়ো জিমায় অবস্থান করতে দেখা যায়।

ছবিতে ধূসর পোশাক পরিহিত মাদুরোর চোখ কালো আবরণে ঢাকা এবং কানে বড় আকারের হেডফোন পরানো। তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ছবিতে দেখা যায়নি।

এদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত দেশটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। তিনি আরও জানান, প্রয়োজনে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় বড় পরিসরের হামলার প্রস্তুতিও রয়েছে। একই সঙ্গে মার্কিন তেল কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলায় কার্যক্রম শুরু করবে বলেও জানান তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায়। হামলার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট মাদুরো এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হয়।

টানা কয়েক মাসের উত্তেজনার পর এই হামলা ও মাদুরোর আটক হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।