মার্কিন কংগ্রেসম্যান

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান তেল দখলের জন্য


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পেছনে মাদক পাচার দমন নয়, বরং তেলই মূল উদ্দেশ্য—এমন মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান জেক অচিনক্লস।

স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি ‘তেলের জন্য রক্তপাত’; এর সঙ্গে মাদকবিরোধী অভিযানের কোনো সম্পর্ক নেই।

ম্যাসাচুসেটসের এই কংগ্রেসম্যান বলেন, যুক্তরাষ্ট্রে মাদকজনিত মৃত্যুর জন্য দায়ী ফেন্টানিল, যা চীন থেকে আসে; ভেনেজুয়েলার কোকেন নয়। তাঁর মতে, ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বড় তেল মজুত রয়েছে—এই বাস্তবতাই পুরো ঘটনার কেন্দ্রবিন্দু।

ওয়াশিংটন দাবি করলেও যে মাদুরো ও তার ঘনিষ্ঠরা মাদক পাচারসহ নানা অপরাধে জড়িত, কারাকাস তা বরাবরই অস্বীকার করে আসছে। অচিনক্লস আরও বলেন, মার্কিন তেল কোম্পানি শেভরনের সঙ্গে ভেনেজুয়েলার তেলক্ষেত্র ব্যবহারের চুক্তি রয়েছে এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অনুমতিও আছে। তাঁর অভিযোগ, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বড় তেল কোম্পানিগুলোর কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন।

মাদুরোকে আটকের পর প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার তেলসম্পদের নিয়ন্ত্রণ নেওয়া এবং তেল শিল্প পুনর্গঠনে মার্কিন কোম্পানিগুলোকে বড় বিনিয়োগে আহ্বানের কথা বলেন। বর্তমানে রাষ্ট্রায়ত্ত পিডিভিএসএ তেল খাত নিয়ন্ত্রণ করছে, তবে নিষেধাজ্ঞার কারণে উৎপাদন পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে পারেনি।

উল্লেখ্য, কয়েক মাসের হুমকি ও চাপের পর শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় মার্কিন হামলার খবর পাওয়া যায়। এর পরই যুক্তরাষ্ট্র মাদুরো ও তাঁর স্ত্রীকে আটকের ঘোষণা দেয়।