আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ—এ সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভেন্যু পরিবর্তনের আবেদনও করা হয়েছে।
রোববার বিসিবির ১৭ জন পরিচালক বৈঠকে এ সিদ্ধান্ত নেন। বিসিবির এক শীর্ষ পরিচালক জানান, ভারতের সঙ্গে সাম্প্রতিক ক্রিকেটীয় টানাপোড়েন এবং বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। এসব বিবেচনায় ভারতের ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানায়, নিরাপত্তাজনিত কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয়। উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। পূর্বঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশের চারটি লিগ ম্যাচই ভারতের ভেন্যুতে নির্ধারিত ছিল।
এদিকে বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াডও প্রকাশ করেছে বিসিবি। লিটন দাসকে অধিনায়ক এবং সাইফ হাসানকে সহ-অধিনায়ক করা হয়েছে। ঘোষিত দলে কয়েকজন নিয়মিত খেলোয়াড় বাদ পড়েছেন, আবার বিপিএলে ভালো করা ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক দলে পরিবর্তনের সুযোগ থাকলেও, এরপর যেকোনো পরিবর্তনে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।
আপনার মতামত লিখুন :