ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সোমবার ভোর ৪টা ৪৭ মিনিটে দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভারতের আসাম রাজ্যে উৎপত্তি হওয়া দুই দফা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪ ও ৫ দশমিক ২।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ভুটান ও চীনের কিছু অংশ কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং ও মরিগাঁও এলাকায়, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ৩৪৬ কিলোমিটার।

এর আগে গত ডিসেম্বর ও নভেম্বরে দেশের বিভিন্ন স্থানে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়। সর্বশেষ গত ২১ নভেম্বর নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে সারা দেশে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং আহত হন কয়েক শ মানুষ। সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় উদ্বেগ বাড়ছে।