দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর আগামী ১১ জানুয়ারি বগুড়া সফরে যাচ্ছেন। ঢাকার বাইরে এটিই হবে তার প্রথম সফর। এ সফরকে ঘিরে বগুড়ায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, ১১ জানুয়ারি সন্ধ্যায় তারেক রহমান বগুড়ায় পৌঁছে একটি হোটেলে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি সকালে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজনে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়ায় অংশ নেবেন।

গণদোয়া শেষে তিনি সাতমাথা, তিনমাথা ও মাটিডালি হয়ে মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর রংপুরের উদ্দেশে যাত্রা করে সেখানে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় তারেক রহমানের আগমন উপলক্ষে কোনো গণসংবর্ধনা বা বড় কর্মসূচি রাখা হয়নি বলে জানিয়েছেন দলীয় নেতারা।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়া সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর তার আগমনকে ঘিরে জেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।