নিউইয়র্কের আদালতে হাজির মাদুরো


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন

কারাকাসে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে গ্রেপ্তারের কয়েক দিনের মধ্যেই ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়েছে। সোমবার (স্থানীয় সময়) ভারী নিরাপত্তার মধ্যে তাকে আদালতে তোলা হয়।

৬৩ বছর বয়সী মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও অভিযুক্ত। আদালতে হাজির করার সময় হেলিকপ্টার ও সাঁজোয়া গাড়িতে করে তাকে আনা হয় এবং চারপাশে ছিল সশস্ত্র আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর পাহারা।

এর আগে রোববার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন ভেনেজুয়েলাকে ‘তত্ত্বাবধানে’ রেখেছে। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেন, মাদুরোকে অপসারণের পর দেশটিতে নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা করা এখনই ‘আগাম’।

বিশ্লেষকদের মতে, এই অভিযান ও পরবর্তী পদক্ষেপ তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণমূলক কৌশলকে আরও সুসংহত করেছে।