রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সেন্ট মার্টিন রক্ষা সম্ভব নয়: রিজওয়ানা হাসান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৬, ৭:১৭ অপরাহ্ন

সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় রাজনৈতিক অঙ্গীকার অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, যত বড় মাস্টারপ্ল্যানই নেওয়া হোক না কেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দ্বীপটির পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা সম্ভব নয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সেন্ট মার্টিন দ্বীপের মাস্টারপ্ল্যান নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন। তিনি জানান, সেন্ট মার্টিনকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে এবং বিশ্বের অনেক দেশে এমন সংবেদনশীল দ্বীপে রাতযাপন নিষিদ্ধ রয়েছে।

রিজওয়ানা হাসান বলেন, পর্যটন ও সেন্ট মার্টিন এক বিষয় নয়; সরকারের মূল লক্ষ্য হলো দ্বীপটিকে তার আগের প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনা। এ লক্ষ্যে প্রস্তাবিত পাঁচটি মাস্টারপ্ল্যান ধাপে ধাপে বাস্তবায়নে সরকার কাজ করবে। তার মতে, বহিরাগত নিয়ন্ত্রিত বাণিজ্যিক পর্যটন কার্যক্রমই দ্বীপের পরিবেশ ধ্বংসের প্রধান কারণ।

তিনি আরও বলেন, পর্যটন হতে হবে স্থানীয় জনগোষ্ঠীকেন্দ্রিক এবং দ্বীপবাসীর বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে কৃষি ও মৎস্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি। মাস্টারপ্ল্যানে সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে; অর্থনীতি ও পর্যটন থাকবে পরবর্তী ধাপে।

উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিন কোনো উচ্চ শব্দ, বারবিকিউ বা বাণিজ্যিক বিনোদনের স্থান নয়; এটি প্রকৃতির দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এলাকা। স্থানীয়দের ঘরে পর্যটকদের থাকার ব্যবস্থা গড়ে তোলাই হোটেল ও রিসোর্টনির্ভরতার টেকসই বিকল্প হতে পারে বলে তিনি মত দেন।

দ্বীপের ভাঙন, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় কর্মসংস্থান—এই তিনটি বিষয় সরকারিভাবে নিবিড় নজরদারিতে রয়েছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।