ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি লাতিন আমেরিকায় যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে মেক্সিকোর অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন।
শেনবাউম বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা মেক্সিকোর পররাষ্ট্রনীতির মূল ভিত্তি, যা সংবিধান ও জাতিসংঘ সনদের আলোকে গড়ে উঠেছে। তার ভাষায়, লাতিন আমেরিকার ইতিহাস প্রমাণ করে—বিদেশি হস্তক্ষেপ কখনোই গণতন্ত্র বা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বয়ে আনেনি।
এর আগে গত শনিবার ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিমান হামলা চালানো হয়, যাতে অন্তত ৮০ জন নিহত হন। হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার তীব্র সমালোচনা করেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী হুয়ান রামন দে লা ফুয়েন্তে। তিনি ট্রাম্প প্রশাসনের পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন রোধে জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেন।
ভেনেজুয়েলা ইস্যুর পর ট্রাম্প মেক্সিকো ও কলম্বিয়াকে লক্ষ্য করে হস্তক্ষেপের ইঙ্গিত দিলেও শেনবাউম তা সরাসরি নাকচ করেন। তিনি স্পষ্ট করেন, মেক্সিকোর সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :