যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন আর্থিক শর্ত আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ এখন ‘ভিসা বন্ড’ কার্যকর দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত। ফলে পর্যটক বা ব্যবসায়ী ভিসার আবেদনকারীদের ৫ হাজার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত তালিকায় বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাম রয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আগের সাত দেশের তালিকা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করেছে ট্রাম্প প্রশাসন।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে। তবে শিক্ষার্থী বা অন্যান্য ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়; এটি কেবল পর্যটক ও ব্যবসায়িক ভিসার জন্য কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসা বন্ডের আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বাংলাদেশিরা কেবল তিনটি নির্ধারিত বিমানবন্দর ব্যবহার করতে পারবেন—বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর। এই তিনটির বাইরে অন্য কোনো বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ বা দেশত্যাগের সুযোগ থাকবে না।

মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অভিবাসন বিধি কঠোর করা এবং ভিসা শর্ত মানা নিশ্চিত করতেই এই ‘ভিসা বন্ড’ ব্যবস্থা চালু করা হয়েছে।