হাদি হত্যা মামলায় নির্দেশদাতা বাপ্পীর অবস্থান শনাক্ত, কলকাতায় আত্মগোপন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৬, ৫:১০ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেওয়া হয়।

তদন্তে সাবেক মিরপুর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কলকাতা প্রতিনিধির বরাতে জানা গেছে, বাপ্পী বর্তমানে ভারতের কলকাতায় আত্মগোপনে রয়েছেন। তিনি পুলিশ পরিচয়ে রাজারহাটের ওয়েস্ট বেড়াবেড়ি, মেঠোপাড়া এলাকার একটি ফ্ল্যাটে গত তিন মাস ধরে অবস্থান করছেন বলে দাবি করা হয়েছে।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, মামলার তদন্ত এখনও চলমান রয়েছে এবং প্রয়োজনে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। তিনি বলেন, ভিন্নধর্মী রাজনৈতিক অবস্থান ও সমালোচনামূলক কর্মকাণ্ডের কারণে হাদি বিভিন্ন মহলের বিরাগভাজন হন, যা হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা রেখেছে।

এই হত্যাকাণ্ড ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনার প্রেক্ষাপটে দ্রুত ও কার্যকর আইনি পদক্ষেপের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।